তালায় শিক্ষককে কুপিয়ে হত্যা : গণপিটুনিতে হত্যাকারীর মৃত্যু
শফিকুল ইসলাম, তালা (সাতক্ষীরা)প্রতিনিধি-সাতক্ষীরার তালা মাদ্রাসার শিক্ষককে কুপিয়ে হত্যা করেছে মানসিক ভারসাম্যহীন রাজু গাজী (৩৬)। রবিবার (২০ জুলাই) বিকেলে উপজেলার খেশরা ইউনিয়নের শাহাপুর গ্রামে নিজ শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ঘটেছে। নিহত মাদ্রাসার শিক্ষক হলেন, হরিহর গ্রামের মৃত মাওলানা আলিমুদ্দিন গাজীর ছেলে ও শাহাপুর মাদ্রাসার শিক্ষক শরিফুল গাজী (৩৮)। এদিকে একই সময় গণপিটুনিতে মানসিক ভারসাম্যহীন রাজু গাজীর ও মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। বিরাজ করছে থমথমে অবস্থা।
স্থানীয় সূত্র ও খেশরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এসএম লিয়াকত হোসেন জানান, একই গ্রামের মোস্তফা ওরফে খোকন গাজীর মানসিক ভারসাম্যহীন ছেলে রাজু গাজী (৩৬) শিক্ষক শরিফুলকে ডেকে মাদ্রাসার সামনে নিয়ে আসে। সেখানে হঠাৎ করেই সে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে তাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিক্ষক শরিফুলের। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে রাজুকে আটক করে গণপিটুনি দেয়, এতে ঘটনাস্থলেই তারও মৃত্যু ঘটে।
খবর পেয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনউদ্দিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে জানান, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে, বিস্তারিত পরে নেওয়া হবে।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































